১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গতকাল বুধবার তার বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সদ্যপ্রয়াত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত হলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। গত ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ক্ষমতাসীন জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন পৃষ্ঠা বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।’ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আবারও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তার শূন্যতা কখনো পূরণ হবার নয়।’
আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক দলগুলোর সূত্রে জানা গেছে, আমির হোসেন আমুকে ১৪ দলের মুখপাত্র করার বিষয়ে ওবায়দুল কাদের সপ্তাহখানেক আগে থেকেই শরিক দলগুলোর নেতাদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। সব নেতাই আমুকে মুখপাত্র করা হলে তাদের ‘আপত্তি নেই’ বলেই জানিয়ে দিয়েছেন। বরং আওয়ামী লীগ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তারা স্বাগত জানাবেন বলেও জানিয়ে দেন।
স্বাধীনতার পর চার বার এমপি হওয়া আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বর্তমানে ঝালকাঠি-২ আসনের প্রতিনিধিত্ব করছেন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে তিনি খাদ্য, ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, ২০০৪ সালে গঠিত হয় ১৪ দলীয় জোট। শুরুতে এ জোটের সমন্বয়ক ছিলেন আব্দুল জলিল। পরে প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী ও সর্বশেষ মোহাম্মদ নাসিমের মাধ্যমে জোটের কার্যক্রম সমন্বয় করা হয়।
অভিনন্দন : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি গতকাল এক বিবৃতিতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হওয়ায় আমির হোসেন আমুকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তাকে অভিনন্দন জানিয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
জেপির অভিনন্দন
প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।
এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে আমির হোসেন আমু একজন পরিচিত ব্যক্তিত্ব। ছাত্রলীগ নেতা হিসেবে আমির হোসেন আমু রাজনীতিতে প্রবেশ করেছিলেন এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা প্রায় ছয় দশকের। এই অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিবিদ ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমরা গভীর সন্তোষ প্রকাশ করছি। একই সঙ্গে জাতীয় পার্টি-জেপির পক্ষ হতে তাকে উপরোক্ত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।
