দক্ষিণ কোরিয়ার বাণিজ্য টানা দ্বিতীয়বার ট্রিলিয়ন ডলার ছাড়াল

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৭

প্রায় ৬০ হাজার কোটি ডলারের রফতানির ওপর দাঁড়িয়ে গত বছর দক্ষিণ কোরিয়ার বাণিজ্যের আকার রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। রফতানিনির্ভর অর্থনীতির বাণিজ্যের আকারে অর্ধেক অবদানই রফতানি খাতের। দেশটির বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০১৮ সালে দেশটির রফতানি ছিল ৬০ হাজার ৫৫০ কোটি ডলার, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৫ দশমিক ৫০ শতাংশ বেশি। ১৯৪৮ সালে রফতানি শুরু করা দক্ষিণ কোরিয়ার রফতানি ২০১৮ সালে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির রফতানি ২০১১ সালে প্রথম ৫০ হাজার কোটি ডলারের সীমা অতিক্রম করে। গত বছর রেকর্ড আমদানি ও রফতানির ওপর দাঁড়িয়ে দেশটির বাণিজ্যের আকার রেকর্ড ১ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দুই বছর দেশটির বাণিজ্য ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৭ হাজার ৫০ কোটি ডলারে। এ নিয়ে টানা ১০ বছর  দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ইতিবাচক রয়েছে। তথ্য প্রযুক্তির নানা পণ্য উত্পাদনের মাধ্যমেই দেশটি বাণিজ্য বাড়াতে সক্ষম হয়েছে।

— নাঈমা সুলতানা