রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও তার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব তলব এবং তা খতিয়ে দেখবে বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট)। গতকাল বুধবার রাতে সংস্থাটির প্রধান আবু হেনা মো. রাজী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
রাজী হাসান বলেন, আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিপোর্ট থাকলে বা কারো ব্যাপারে তথ্যের দরকার হলে আমরা ব্যাংক হিসাব তলব করি। রিজেন্ট হাসপাতালের মালিকের ব্যাংক হিসাবও আইন মেনে তলব করা হয়েছে। সব বাণিজ্যিক ব্যাংকের নির্বাহী প্রধানদের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সন্দেহভাজন নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া, নিয়মবহির্ভূতভাবে রোগীদের কাছ থেকে টাকা আদায় এবং মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে গত মঙ্গলবার করোনা ডেডিকেটেড বেসরকারি রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর পর মঙ্গলবার রাতেই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র্যাব।
