নর্থ মেসিডোনিয়া সীমান্তে ১৪৪ বাংলাদেশি অভিবাসী উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০০:২৭

গ্রিসের প্রতিবেশী দেশ নর্থ মেসিডোনিয়ার সীমান্তে ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসী উদ্ধার করা হয়েছে। দক্ষিণ সীমান্তের আঞ্চলিক রাস্তায় টহলের সময় একটি ট্রাকের ভেতর তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৬৩ জন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, সোমবার মধ্যরাতের দিকে জেভজেলিজা শহরের কাছে ট্রাকটিকে থামায় সীমান্ত টহলদল। পরে ট্রাকের ভেতরে অভিবাসীদের পাওয়া যায়। তাদের মধ্যে বাংলাদেশের ১৪৪ জন এবং পাকিস্তানের ৬৭ জন। এ ঘটনায় ২৭ বছর বয়সি মেসিডোনিয়ান ট্রাকচালককে আটক করা হয়েছে। অভিবাসীদের আটকের পর গ্রীসে পাঠানোর উদ্দেশ্যে জেভজেলিজা শহরের একটি ট্রানজিট আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হতো। ২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়। নর্থ মেসিডোনিয়া-গ্রিস সীমান্তও চলতি বছরের শুরু থেকে করোনা ভাইরাস মহামারির কারণে বন্ধ আছে। তারপরও মানব পাচার থেমে নেই। মানব পাচারকারী চক্রগুলো  অভিবাসীদের প্রথমে তুরস্ক থেকে নৌকায় করে গ্রীস এবং এরপর সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের মধ্য ও উত্তরাঞ্চলীয় দেশগুলোতে পাঠানোর চেষ্টা করে। প্রায় ১৫ দিন আগে একই এলাকা থেকে ৬৪ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করে নর্থ মেসিডোনিয়ার পুলিশ।