মহামারিকালে প্রয়োজনের তাগিদে যাত্রা শুরু করা ভার্চুয়াল আদালত ‘প্রয়োজন অনুসারে’ চালানোর বিধান রেখে সংসদে বিল পাশ হয়েছে। গতকাল বুধবার আইনমন্ত্রী আনিসুল হক ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ সংসদে পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়।
পাশের আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানোর এবং সংশোধনীগুলো প্রস্তাব নিষ্পত্তি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদে উত্থাপিত বিলের ৫ ধারায় বলা ছিল—‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা ক্ষেত্রমত হাইকোর্ট বিভাগ সময় সময়, প্র্যাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে।’ সংসদীয় কমিটি ঐ ধারায় পরবির্তন আনার সুপারিশ করে। ‘সময় সময়’ শব্দ দুটির আগে ‘প্রয়োজন অনুসারে’ শব্দ দুটি যোগ করার কথা বলা হয় সেখানে।
বিলটি পাশের প্রক্রিয়ার সময় জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবে জাতীয় পার্টির (জাপা) এমপি কাজী ফিরোজ রশীদ অভিযোগ করেন ‘ভার্চুয়াল কোর্টের’ কারণে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকের এ বিষয়ে প্রশিক্ষণ না থাকায় সমস্যা হচ্ছে’। এর জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিদেশি একটি প্রতিষ্ঠান এ বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দেবে। বিরোধীদলের সদস্যদের বিভিন্ন সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, এ আইন বিশেষ সময়ের জন্য। পূর্ণাঙ্গ ট্রায়াল এখনই করা সম্ভব হবে না। তার জন্য সাক্ষ্য আইন, ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধি সংশোধন করতে হবে। গতকাল পর্যন্ত ৫০ হাজার কারাবন্দির জামিন হয়েছে। আর সেটা হয়েছে এই ভার্চুয়াল কোর্টের জন্যই। আমরা এগিয়ে যেতে চাই। এগিয়ে যাব আইনজীবীদের সঙ্গে নিয়েই।
মাছে ক্ষতিকর রাসায়নিক মেশালে সাত বছরের দণ্ডের বিধান রেখে বিল
মাছে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রির অপরাধে সাত বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে গতকাল সংসদে ‘মত্স্য ও মত্স্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল-২০২০’ উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। পরে বিলটি পরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গভর্নরের মেয়াদ বাড়াতে বিল
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদের মেয়াদ বৃদ্ধি করতে বিল তোলা হয়েছে সংসদে। বিলটিতে বলা হয়েছে, ৬৭ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা যাবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গতকাল ১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ ব্যাংক অর্ডার’ সংশোধন করতে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২০’ সংসদে তোলেন। বিলটি পাশ হলে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবিরকে আরো দুই বছর ঐ পদে রাখতে পারবে সরকার।
সংসদে কোনো বিল উত্থাপনের পর সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রী বিলটি সংসদীয় কমিটিতে পাঠান। তবে এই বিলের ক্ষেত্রে সেটি হয়নি।
নাসিমের মৃত্যুতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি দীপংকর
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে এসেছেন দীপংকর তালুকদার এমপি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গতকাল সংসদীয় কমিটি পুনর্গঠনের এই প্রস্তাব করেন।
