যুক্তরাষ্ট্রে এক দিনেই করোনা ভাইরাসে ৬০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। এরই মধ্যে দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। এদিকে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসি ও এবিসি নিউজের
তারপরও ডব্লিউএইচও ছাড়ছে যুক্তরাষ্ট্র
শুধু ক্যালিফোর্নিয়াতেই ১০ হাজারের বেশি রোগী পাওয়া গেছে। ফ্লোরিডায়ও মঙ্গলবার প্রায় ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই রাজ্যে প্রাপ্তবয়স্কদের নির্ধারিত বেড বাদে ৪১ হাসপাতালের কোনো বেডই খালি নেই। টেক্সাসেও ১০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। চলতি মাসেই দেশটিতে ৫৫ হাজারের বেশি আক্রান্ত হয়ে রেকর্ড গড়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার দেশে মৃত্যুহার কমছে। এদিকে সরকারিভাবে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে সরিয়ে আনতে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে চলে যাবেন। ট্রাম্পের চিঠির জবাবে একটি শব্দই কেবল ব্যবহার করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসিস-‘টুগেদার’। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন অঙ্গীকার করেছেন, তিনি নির্বাচিত হলে প্রথমেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেবেন।
জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানানগাগোয়া অসদাচরণের অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া ময়কোকে বরখাস্ত করেছেন। করোনা ভাইরাস মোকাবিলায় সুরক্ষাসামগ্রী কেনার এক কেলেংকারিতে জড়িয়ে গত মাসে গ্রেফতার হন ময়কো। তার বিরুদ্ধে সুরক্ষাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ আনা হয়। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। এদিকে মহামারির পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এক বৈঠকে যোগ দেবেন তিনি।
