স্পোর্টস ডেস্ক
শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদ লা লিগায় আবারও পয়েন্ট খুইয়েছে। অবনমন অঞ্চলের দল ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে কোচ সান্তিয়াগো সোলারির দল।
ক্লাব বিশ্বকাপ জয়ের পরে এই প্রথম লা লিগায় ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। বৃহস্পতিবার রাতে ম্যাচটির শুরুতে সফরকারী রিয়ালকে সম্মানসূচক ‘গার্ড অফ অনার’ দেয় ভিয়ারিয়াল। তবে ম্যাচের চতুর্থ মিনিটে সাবেক আর্সেনাল মিডফিল্ডার সান্তি কাজোরলার গোলে এগিয়ে যায় ‘ইয়েলো সাবমেরিন’ খ্যাত ভিয়ারিয়ালই। পাল্টা জবাব দিতে অতিথিরা সময় নিলো মাত্র তিন মিনিট। সপ্তম মিনিটে ডান দিক থেকে লুকাস ভাসকেজের দারুণ এক ক্রসে মাথা ছুঁইয়ে ভিয়ারিয়ালের জালে বল জড়ান ফাঁকায় দাঁড়ানো করিম বেনজেমা। চলতি লিগে ফরাসি ফরোয়ার্ডের এটা সপ্তম গোল। ২০তম মিনিটে ডান দিক থেকে টনি ক্রুসের ফ্রি-কিকে কোনাকুনি হেডে বল ঠিকানায় পাঠান ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান।
প্রথমার্ধে চোট সমস্যার মুখোমুখি হওয়ায় গ্যারেথ বেলকে দ্বিতীয়ার্ধের শুরুতে তুলে নেন কোচ। বদলি নামান মিডফিল্ডার ইসকোকে। ৮২তম মিনিটে বাম প্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে রিয়ালের জালে বল জড়িয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান কাজোরলা, সমতায় ফেরে ভিয়ারিয়াল। ফলে টানা তিন জয়ের পর আবারও ড্রয়ের কবলে পড়লো রেকর্ড ৩৩ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। ফলে ১৭ ম্যাচ শেষে নয়টি জয় ও তিনটি ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইলো রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে কোচ সান্তিয়াগো সোলারি জানালেন প্রতিআক্রমণের অভাবেই জয়বঞ্চিত হয়েছে রিয়াল। দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেলকে না পাওয়ার আফসোসও ঝরে পড়লো তার কণ্ঠে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘নিয়ন্ত্রণের অভাবে এটা হয়নি, বরং প্রতিআক্রমণ ও দ্বিতীয়ার্ধে তাদের গোলমুখে তীক্ষতার অভাবেই এমন হয়েছে বলে মনে করি আমি। আমরা তৃতীয় গোলের জন্য লুকাস এবং মার্সেলোর মাধ্যমে দুটো পরিষ্কার সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু এটা সত্য যে, আমাদের প্রতি-আক্রমণগুলোয় পরিচ্ছন্নতার অভাব ছিল এবং গ্যারেথ বেল এ কাজে দক্ষ!’
