স্পোর্টস রিপোর্টার
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রায় ৮ বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন পিটার সিডল। ডান হাতি এই পেসার ২০১০ সালে সর্বশেষ ওয়ানডেটি খেলেছিলেন।
এদিকে টেস্ট স্কোয়াডে নিয়মিত হলেও ওয়ানডে স্কোয়াডে দীর্ঘদিন ছিলেন না উসমান খাজা। টপ অর্ডারের এই ব্যাটসম্যানও ফিরেছেন দলে। ডাক পেয়েছেন অফস্পিনার নাথান লিঁওও। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন অ্যাশটন অ্যাগার।
ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। ১৪ জনের স্কোয়াডে বেশ পরিবর্তন এনেছে তারা। সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলা দল থেকে মাত্র ৬ জন ক্রিকেটারকেই নেওয়া হয়েছে এই স্কোয়াডে। পেস আক্রমণের তিন তুরুপের তাস মিশেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের ওপর চাপ কমাতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। ব্যাটিং লাইন আপে ট্রাভিস হেড, ক্রিস লিন, ডি’আর্কি শর্ট ও বেন ম্যাকডরমেট বাদ পড়েছেন। পিঠের ব্যথায় দলে জায়গা পাননি নাথান কোল্টার নাইলও। চলমান টেস্ট সিরিজ শেষে আগামী ১২ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর যথাক্রমে ১৫ ও ১৮ জানুয়ারির দু’টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ও মেলবোর্নে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে, জাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, জেসন বেহেনডর্ফ, পিটার সিডল, নাথান লিঁও ও অ্যাডাম জাম্পা।
