‘নতুন বছরটা ভালো খবর দিয়েই শুরু হলো’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:০৫

 

অনেকদিন নতুন কোনো ছবির খবরে নেই অভিনেত্রী শম্পা হাসনাইন। নিয়মিত ছোটপর্দায় চলছে তার ব্যস্ততা। তবে নতুন বছরে শম্পার জন্য নতুন খবর চলতি মাসে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি। ‘গোয়েন্দাগিরি’ শিরোনামের ছবিটি গতবছর সেন্সর পায়। এরপর থেকেই শম্পা অপেক্ষায় ছিলেন কবে মুক্তি পাচ্ছে ছবিটি। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হলো। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে নির্মাতা নাসিম সাহনিক জানিয়েছেন। ছবির গল্পে একদল শখের গোয়েন্দার সাহসী অভিযান দেখানো হয়েছে। ভূতুড়ে এক জমিদারবাড়ির রহস্য নিয়ে কাজ করে তারা। থ্রিলারধর্মী এই গল্পে সায়েন্স ফিকশনের ছোঁয়াও রয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শম্পা বলেন, ‘নতুন বছরটা ভালো খবর দিয়েই শুরু হলো। শিগগিরই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে আমি খুব আনন্দিত। আশা করি এ বছর আরো বেশকিছু কাজ নিয়ে হাজির হতে পারবো।’ ছবিটিতে শম্পাকে দেখা যাবে একজন শখের গোয়েন্দার চরিত্রে। তাকে মেধাবী ছাত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছে। ছবিতে শম্পা ছাড়াও অভিনয় করেছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।