মহামারি করোনা ভাইরাসের প্রকোপ এখনো থামেনি। এমন পরিস্থিতির মাঝেও শেয়ারবাজারের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। স্বাভাবিক সময়ে ফিরেই শেয়ারবাজারের সূচক ও লেনদেনের পরিমাণ বাড়তে শুরু করেছে। আগের দিনের মতোই গতকালও বেড়েছে সূচক ও লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেন।
গতকাল লেনদেন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগেরদিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ ১০ পয়েন্ট বেড়ে ৯৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। টানা ৬৬ দিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। তবে যেহারে লেনদেন হচ্ছিল তাতে বিনিয়োগকারীরা খুবই আশাবাদী। আর গত বুধবার থেকে বাজারে স্বাভাবিক লেনদেন চালুর পর দুই দিন তুলনামূলক ভালো লেনদেন হওয়ার কারণে বাজারে গতি ফিরেছে বলেও তারা মনে করছেন। অবশ্য নীতিনির্ধারকরা বলছেন, অর্থনৈতিক কার্যক্রম শুরু হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। এজন্য ধৈর্য ধরে সামনে এগুনোর কোনো বিকল্প নেই। আর শেয়ারবাজার এখন যেমন বাড়ছে আবার পতনও হতে পারে। এজন্য প্রস্তুত থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ।
গতকাল ডিএসইতে সূচকের বড় উত্থান হলেও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল। আর যে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে তার থেকে দ্বিগুণের বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এর মাধ্যমে পর পর দুই দিন শতাধিক প্রতিষ্ঠানের দাম বাড়ল। দরপতন হয়েছে ৪৫টির। আর ২০১টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৩১ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১১৬ কোটি ৪২ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ৬৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ২৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ১৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে পরের স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— বিকন ফার্মাসিউটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফার কেমিক্যাল, বেক্সিমকো এবং ইউনাইটেড পাওয়ার।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৯৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টির।
