শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট

সংযোগ সড়কে জোয়ারের পানি ফেরি বন্ধ থাকছে ৮ ঘণ্টা

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৩৭

বর্ষার জোয়ারের পানিতে সংযোগ সড়ক ডুবে যাওয়ায় ভেদরগঞ্জের শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের দুটি টার্মিনাল দিয়ে যানবাহন ওঠানামা ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিন ব্যাহত হচ্ছে ফেরি চলাচলও। জোয়ার চলাকালীন সময় প্রতিদিন ভোরে তিন থেকে চার ঘণ্টা এবং সন্ধ্যায় তিন থেকে চার ঘণ্টা যানবাহন ওঠানামা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ঐ রুটে যাতায়াতকারী চালক ও সাধারণ যাত্রীদের। পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়ছে শত শত যানবাহন।

বুধবার বিকালে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, টার্মিনালের সংযোগ সড়কটির ওপর গলা সমান পানি জমে আছে। নৌকা করে লোকজন টার্মিনালে উঠছে। কিন্তু জোয়ার শেষে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যাত্রীবাহী ও মালাবাহী যানবাহন। শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট দিয়ে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার শত শত যানবাহন পারাপার হয়। এর মধ্যে মালবাহী ও যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি। কিন্তু বর্ষার কারণে গত শুক্রবার থেকে নদীতে পানি বেড়ে যাওয়ায় ছয় দিন ধরে ঘাটের দুইটি টার্মিনালের সংযোগ সড়ক ডুবে যাচ্ছে। ফলে প্রতিদিন সকাল ও বিকালে প্রায় আট ঘণ্টা ফেরি থেকে গাড়ি ওঠানামা বন্ধ থাকছে।

এ সময় পারাপারের অপেক্ষায় থাকা চালক আব্দুল মালেক বলেন, রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গাড়ি ফেরিতে তোলা যাচ্ছে না। ফলে দীর্ঘক্ষণ ধরে আমরা অপেক্ষায় আছি। দায়িত্বরতরা বলছে জোয়ার শেষে পারাপার শুরু হবে। সারাদিন গাড়িতে থেকে এখনে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করতে হবে। অনেকের গাড়িতে কাঁচামাল রয়েছে। এ বিষয়ে বিআইডাব্লিউটিএ চাঁদপুর জোনের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, উজান থেকে পানি আসার ফলে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় টার্মিনাল দুটির সংযোগ সড়ক ডুবে যাচ্ছে। ইট-বালি ফেলে এ সমস্যার সমাধান করা হবে।

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট দায়িত্বরত বিআইডাব্লিউটিসি ম্যানেজার জনাব আব্দুল মমিন বলেন, টার্মিনালের সংযোগ সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় এখানে প্রতিদিন সকালে ও বিকালে যানবাহন পারাপার বন্ধ থাকছে। প্রায় ১০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘাটের দায়িত্ব মূলত বিআইডাব্লিউটিএর। তাদের ও আমাদের সমন্বয়ে আগামীকাল রাস্তাটি উঁচু করার কাজ শুরু করা হবে।