ঈশ্বরদী জংশন স্টেশনের প্ল্যাটফরম সম্প্রসারণের কাজ চলছে। এই কাজ শেষ হলে স্টেশনে একসঙ্গে ট্রেনের ১৮টি বগি দাঁড়াতে পারবে। রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে রেল সংযোগের জন্যে বরাদ্দকৃত অর্থে এই উন্নয়ন কার্যক্রম চলছে বলে জানা গেছে। করোনা পরিস্থিতিতে সীমিত সংখ্যক ট্রেন চলাচল করায় কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়নের জন্য ঈশ্বরদী জংশন স্টেশনকে সম্প্রসারণের সঙ্গে সঙ্গে প্ল্যাটফরম উঁচু করার কাজও চলছে। পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক জানান, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে রেললাইন নির্মাণ এবং ঈশ্বরদী জংশন স্টেশন আধুনিকায়নের কাজ চলছে। খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। করোনাকালীন সময়ে স্বল্প সংখ্যক যাত্রীবাহী ট্রেন চলাচল করায় কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। পাকশী বিভাগীয় রেল সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প থেকে ঈশ্বরদী বাইপাস স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার নতুন রেললাইনের কাজ চলছে। এর জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৩৫ কোটি টাকা।
