বন্যায় নেত্রকোনার কলমাকান্দা-বরুয়াকোনা পাকা সড়কের খাসপাড়া মসজিদ সংলগ্ন এলাকার সড়কটি ভেঙে খালের সৃষ্টি হয়েছে। আর ঐ সড়কে লোকজন চলাচলের জন্য কাঠ ও বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। স্থানীয় মসজিদ কমিটির লোকজন এই বাঁশের সেতু বানিয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলমাকান্দা-বরুয়াকোনা সড়ক দিয়ে প্রতিদিন ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। আর এই সড়কে চলাচল করে নছিমন, রিকশা, ভ্যান, ঘোড়ার গাড়ি, অটোরিকশা, মোটরসাইকেলসহ যাত্রী ও পণ্যবাহী বিভিন্ন হালকা যানবাহন। স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, গত তিন বছর ধরে মহাদেও নদীর পানি বৃদ্ধি পেলে প্রবল স্রোতে সড়কের ঐ জায়গাটি ভেঙে উদ্বাখালী নদীর সঙ্গে মিশে যায়। পরে স্থানীয় লোকজন কিছুদিন নৌকা দিয়ে পারাপার হওয়ার পর সরকারিভাবে সড়কটি মেরামত করা হয়। সামপ্রতিক বন্যায় সড়কের প্রায় ২০০ ফুট অংশ ভেঙে গেলে উপজেলা সদরের সঙ্গে ৩০ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর মসজিদ কমিটির উদ্যোগে সাঁকো তৈরি করা হয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন জানান, পাহাড়ি ঢলে প্রতি বছরই বর্ষায় পাকা সড়কের ঐ স্থান পানির তীব্র স্রোতে ভেঙে যায়। আর যাতে ভেঙে না যায় সেজন্য এ অর্থবছরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
