চাঁদপুর শহর রক্ষা বাঁধে মেঘনার ব্যাপক ভাঙনে দুই দিনে প্রায় ৩০টি ঘরবাড়ি সরিয়ে নিতে হয়েছে। শহর রক্ষা বাঁধের সিসি ব্লক এবং জিও ব্যাগগুলো তীব্র স্রোতের তোড়ে নদীর তলদেশে দেবে যাচ্ছে। ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ। বর্ষা মৌসুমে বিগত দুই/তিন বছর ধরে পুরানবাজার শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে থেমে থেমে ভাঙন প্রক্রিয়া অব্যাহত থাকলেও তা প্রকট আকার ধারণ করে পুরানবাজার হরিসভা এলাকায়। পানি উন্নয়ন বোর্ড জরুরিভিত্তিতে বাঁধ রক্ষায় জিও টেক্সটাইল ব্যাগসহ সিসি ব্লক নদীতে ফেলা শুরু করেছে।
