দত্তক শিশু নির্যাতন পালক বাবা-মা গ্রেফতার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৪২

ফেনীর রামপুরে দত্তক নেওয়া ৯ বছরের শিশু নাজনিন আক্তারকে পিটিয়ে আহত করে ফেলে দেয় পালক বাবা-মা। নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পালক বাবা জামালউদ্দিন ও মা নাজমা আক্তারকে গ্রেফতার করেছে র্যাব-৭। নাজনিনকে উদ্ধারকারী প্রতিবেশী রুনা ইয়াসমিন জানান, বুধবার রাতে শিশুটিকে নির্যাতন করে বাইরে ফেলে রাখলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঘরে এনে রাখা হয়। প্রাথমিক চিকিত্সা দিয়ে রক্ত বন্ধ করা হয়। পরে র্যাবকে খবর দেন তিনি। অভিযুক্ত গৃহকর্তা জামালউদ্দিন জানান, নাজনিন আক্তারকে ছয় বছর আগে দত্তক নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কর্মহীন হলেও আগে শহরের শহীদ হোসেনউদ্দিন বিপণিবিতানে একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান পরিচালনা করতেন। র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নুরুজ্জামান বলেন, শিশু নির্যাতনের খবর পেয়ে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।