কুমিল্লায় কর্মরত ২৭ জন করোনা জয়ী পুলিশ সদস্য (এন্টিবডি পজিটিভ হওয়া সদস্য) বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে ঢাকায় পৌঁছেছেন। তারা বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইন্স থেকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে যান। এ উপলক্ষ্যে এর আগে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান ও তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, করোনা দুর্যোগ মোকাবিলায় দিনে-রাতে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের ১৮৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। এর মধ্যে ২৭ জন সদস্যকে বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করার জন্য রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
