করোনা পরিস্থিতিতে বেকারদের অনিশ্চিত ভবিষ্যত্

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৪৮

চাকরির পরীক্ষা আটকে গেছে করোনা পরিস্থিতির কারণে। অনেকের চাকরিতে প্রবেশের বয়স প্রায় শেষের দিকে। অনেকে দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং বর্তমান পরিস্থিতিতে চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন। বিসিএস, ব্যাংক ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় শূন্য পদের তুলনায় প্রস্তুতি নেওয়া মেধাবীদের সংখ্যা অনেক বেশি। করোনার জন্য আটকে থাকা চাকরি পরীক্ষাগুলো এখন তাদের জন্য গলার কাঁটা। তবে আশার কথা হলো, বেকারদের কথা চিন্তা করে ‘লস টাইম’ দেওয়ার কথা উঠেছে। জনপ্রসাশন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেকারদের কথা মাথায় রেখে নভেম্বরের পর সকল পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের ঝুলে থাকা চূড়ান্ত ফলাফলগুলো প্রকাশ করছে। এতে করে আশার সঞ্চার হচ্ছে বেকারদের মধ্যে। ৩৮তম বিসিএসের ফলাফল প্রকাশের পর থেকেই নতুন আশার সঞ্চার হয়। পৃথিবী থেকে বিদায় নিক করোনা, পরীক্ষার্থীরা তাদের পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করুক, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করুক অপেক্ষারত হাজারো তরুণ—এই আমাদের প্রার্থনা।

কে এম মাসুম বিল্লাহ

কর্মকর্তা (সুপারিশপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি ব্যাংক, ঢাকা