ক্রীড়া মন্ত্রণালয় আগেই জানিয়েছিল বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে অসচ্ছল ক্রীড়াবিদদের সহযোগিতা দেওয়া হবে। করোনা মহামারি শুরুর পর এই তথ্য জানিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছে প্রায় ১ হাজার ২০০ অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য মাসিক ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
চলতি অর্থবছরেই ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে গতকাল মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে। ২ হাজার টাকা করে মাসে দেওয়ার কথা ঘোষণা করা হয়। মন্ত্রণালয় বলছে ১ হাজার ১৫০ জন অসচ্ছল ক্রীড়াসেবী কিংবা তার পরিবারকে ২ হাজার টাকা করে এক বছরে ২৪ হাজার টাকা দেওয়া হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জাহিদ আহসান রাসেল গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘স্বাধীনতার পর অসচ্ছল ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকদের জন্য এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতিবিজড়িত এই ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। করোনা ভাইরাসের মহামারির কারণে সিদ্ধান্ত হয়েছে এই ফাউন্ডেশন ক্রীড়া সংশ্লিষ্ট কষ্টে থাকা মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। প্রকৃত অসহায়দের কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে কাজ করছে ফাউন্ডেশন।
এর আগে ৫০ অসচ্ছল ক্রীড়াবিদ, ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে ১ কোটি টাকা। আরো ৩ কোটি টাকা বরাদ্দ মিলেছে যা বিতরণের প্রক্রিয়া চলছে বলে গতকালকের সভায় আলোচনা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ ১ হাজার ১৫০ জনকে খুব শিগিগরই অর্থ তুলে দেওয়া হবে।’
