গত দুই দিন ধরে এশিয়া কাপ নিয়ে আসছিল নানান পরস্পর বিরোধী খবর। অবশেষে গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানাল, তারা ২০২০ সালে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ বাতিল করেছে। আগামী বছর জুনে হতে পারে নতুন এশিয়া কাপ। আর সে আয়োজনের স্বত্ব পাকিস্তানের হাতে নয়, থাকছে শ্রীলঙ্কার হাতে।
এসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সব বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ২০২০ সালের এশিয়া কাপ বাতিল করা হবে। এ আসরটি আয়োজন করা এখনো এসিসির কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাগী ২০২১ সালের জুন মাসকে একটা সময় হিসেবে বিবেচনা করছি আমরা। একই সঙ্গে এটা জানানো দরকার যে, ২০২০ সালের এশিয়া কাপ আয়োজক পাকিস্তান সম্মত হয়েছে পরের এশিয়া কাপ স্বত্ব ক্রিকেট শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়ার ব্যাপারে।’
২০২০ সালের এশিয়া কাপ হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে। সেটার আয়োজনের স্বত্ব ছিল পাকিস্তানের। কিন্তু ভারত ক্রিকেট খেলতে পাকিস্তান যাবে না, এটা মোটামুটি নিশ্চিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন ছিল এই আসরের। কিন্তু সমস্যা হলো, করোনা ভাইরাস সংক্রমণের কারণে উপমহাদেশে ক্রিকেট খেলাই এখনো শুরু হয়নি। এ অবস্থায় এসিসির অনলাইন বৈঠক হলো।
বৈঠক শেষে এসিসি থেকে প্রথম জানানো হলো, তারা এশিয়া কাপের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু ঐ বৈঠকে অংশ নেওয়া ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এক ইনস্টাগ্রাম আলোচনায় বলে ফেললেন, এশিয়া কাপ আসলে বাতিল হয়ে গেছে। সৌরভের এই কথায় তীব্র প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান বোর্ড। তারা বলে যে, সৌরভের এই কথা বলার এখতিয়ার নেই। এর পর পরই এসিসি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
