কক্সবাজারে মামলা তুলে নিতে হত্যার হুমকি

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:০১

জমি দখলে ব্যর্থ হয়ে কলেজছাত্রী ও বৃদ্ধসহ চার জনকে কুপিয়ে আহত করার ঘটনায় হওয়া মামলা করে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও আহতরা। মামলা তুলে না নিলে এবার প্রাণে মারার হুমকি দিয়েছে আসামি ও তাদের লোকজন।  কক্সবাজার সদরের খুরুশকুল সাম্পানঘাট এলাকায় ৩ জুলাই এ হামলার ঘটনা ঘটে। একই দিন রাতে ১৪ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা হয়। মামলার পাঁচ দিন অতিবাহিত হলেও হামলাকারীদের কেউ গ্রেফতার হয়নি। মামলার বাদী খুরুশকুল সাম্পানঘাট এলাকার মনি কাঞ্চন দে (৪০) জানান, ‘তার বাবার (সাধন চন্দ্র দে) বসতভিটা ও নাল জমি প্রতিবেশী একটি চক্র দখলের পাঁয়তারা করছে। তা রুখতে আদালতে মামলাও করা হয়। আদালত ঐ জায়গায় ১৪৪ ধারা জারি করে। কিন্তু তা অমান্য করে দখলের অপচেষ্টা চলছে। মনিন্দ্র দের ছেলে পরিধন দে, পরীক্ষিত দে, বাবুল দেসহ ২০-২৫ জনের একটি দল ৩ জুলাই ঐ জমি দখল করতে আসে। বাধা দিলে হামলা ও ভাঙচুর চালায়। এতে গুরুতর আহত একজন এখনো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। মনি কাঞ্চন দে বলেন, ‘মামলা তুলে নিতে তারা হুমকি দিয়ে গেছে। মামলা তুলে না নিলে এবার হত্যা করা হবে বলে শাসিয়ে গেছে।’ কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাসুম খান বলেন, ‘রিমোট এরিয়া হওয়ায় দিনে বা রাতে যখনই পুলিশ যায়, আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’