শোক সংবাদ

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:০৭

আব্দুল গফুর মজুমদার

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি, কুমিল্লা জেলা সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম গাফুরীর পিতা মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল গফুর মজুমদার (১০০) গতকাল বৃহস্পতিবার উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আবুল কালাম আজাদ বকল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ব্যবসায়ী আবুল কালাম আজাদ বকল করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। দুপুরে সরকারি নিয়ম অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

জাহানারা বেগম

বরিশালের মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ তারিকুল হাসান খান মিঠুর মা জাহানারা বেগম (৬৫) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগ সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বরিশাল-৩ আসনের এমপি আলহাজ গোলাম কিবরিয়া টিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস, আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব খায়রুল বশার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, উপজেলা জাপা সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ হারুন অর রশিদ খান ও মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন।