বিলাসবহুল হোটেল স্যুইট বলতে মূলত মূল্যবান আসবাবপত্র, দেয়ালে পেইন্টিং, আধুনিক গোসলখানা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ—এই বিষয়গুলোই সবার আগে আলোচনায় আসে। তবে এবার দক্ষিণ আফ্রিকায় চালু হতে চলেছে এমন একটি বিলাসবহুল হোটেল যেটি রয়েছে একটি ট্রেনের মধ্যে। হ্যাঁ, ঠিকই পড়ছেন ট্রেনের মধ্যে বিলাসবহুল হোটেল! দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের একটি ঐতিহাসিক সেতুর ওপর এই ট্রেনটি স্থায়ীভাবে থাকবে। ট্রেনের কামরাগুলোকে বদলে ফেলা হয়েছে আধুনিক হোটেল স্যুইটের আদলে। তবে এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো—এখান থেকে উপভোগ করা যাবে দেশটির অন্যতম সুন্দর ন্যাশনাল পার্ক ‘ক্রগার ন্যাশনাল পার্কে’র অপার সৌন্দর্য। করোনা মহামারির কারণে এই মুহূর্তে হোটেলটি উদ্বোধন না করা হলেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হোটেল কর্তৃপক্ষ অবশ্য আশা করছেন, এ বছরের ডিসেম্বর থেকেই এটি পুরোপুরি চালু করা যেতে পারে। এই হোটেলের অতিথিদের বয়স অন্ততপক্ষে ১২ বছর হতে হবে। হোটেলের অতিথিদের খাওয়া-দাওয়ার পাশাপাশি ন্যাশনাল পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য থাকবে বিশেষ গাড়ি। এখানে রাত কাটাতে হলে জন প্রতি ৫২০ মার্কিন ডলার (৪৪ হাজার টাকা) গুনতে হবে।—ইউপিআই
