ভুল ঠিকানায় ফ্রিজ ডেলিভারি করে জরুরি নম্বরে ফোন!

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:৩২

সাধারণত কেউ বিপদে পড়লে রাষ্ট্রীয় জরুরি নম্বরে ফোন করে সাহায্য চান। ‘৯৯৯’ এর মতো জরুরি নম্বর থেকে প্রতিদিন হাজারো মানুষ উপকৃত হন। কিন্তু মাঝে-মধ্যে এমন সব কারণে এসব নম্বরে ফোন করা হয় যাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পুলিশ। এই যেমন যুক্তরাজ্যের পুলিশ বিভাগের জরুরি নম্বর ‘৯৯৯’ এ ফোন করে এক ব্যক্তি অভিযোগ করেন—তিনি দুর্ঘটনাবশত একটি ফ্রিজ ভুল ঠিকানায় ডেলিভারি করেছেন। তার অভিযোগের অর্থ অনেকটা এমন—পুলিশ যেন সেই ভুল ঠিকানা থেকে তাদের সরবরাহ করা ফ্রিজটি উদ্ধার করে প্রকৃত ঠিকানায় পৌঁছে দেয়।

জরুরি নম্বরে এই ধরনের আবদার জানানোর প্রেক্ষিতে বেশ   চটেছে ব্রিটিশ পুলিশ বিভাগ। তবে অভিযোগকারীর বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছে পুলিশ বিভাগ। ঐ পোস্টে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে—রাষ্ট্রের জরুরি সেবা কার্যক্রম ‘৯৯৯’ এ ফোন করে এ ধরনের আবদার করবেন না। এটা শুধু জরুরি প্রয়োজনেই ব্যবহার করবেন। পুলিশ বিভাগের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘আপনি যদি দুর্ঘটনাবশত ভুল ঠিকানায় কিছু সরবরাহ করেন তাহলে সেটা পুলিশের বিষয় না। ‘৯৯৯’ এ ফোন করার মতো কোনো ঘটনাও নয়।’ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে—‘কারো পানি গরম করার মেশিনে পানি গরম হচ্ছে না’ এই ধরনের অভিযোগও নাকি তাদের শুনতে হয়।—ইউপিআই