৩ লাখ ইয়াবা নিয়ে অনুপ্রবেশ, ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:৩৭

উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা নিয়ে অনুপ্রবেশকালে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩ লাখ পিচ ইয়াবা, দেশীয় তৈরি দুইটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের নুর আলম (৪৫), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-জি/২৯ এর মো. হামিদ (২৫) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২, ব্লক-ডি/৪ এর বাসিন্দা নাজির হোসেন (২৫)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘বিওপি হতে ১০ সদস্যের                 একটি টহল দল নিয়ে উখিয়ার রাজাপালং তুলাতলী জলিলের গোদা ব্রিজ এলাকায় অভিযানে যাই। সেখানে ১০/১২ জনের একটি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় অনুপ্রবেশকারীরা গুলি ছুড়ে। টহল দল আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হন।’ উল্লেখ্য, কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এলাকায় গত ছয় মাসে মাদকবিরোধী অভিযানে ১১ লাখ ৪১ হাজার ২৯৭ পিস ইয়াবাসহ ৮৯ জনকে আটক করা হয়। এছাড়াও বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন ৯ জন ইয়াবা কারবারি। এদের বেশির ভাগই রোহিঙ্গা।