করোনা নেগেটিভ আসার ২৪ ঘণ্টার মাথায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:৩৭

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর (৭৮) করোনা রিপোর্ট নেগেটিভ আসার ২৪ ঘণ্টা পার না হতেই জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার রাতেই রাষ্ট্রীয় মর্যাদায় বায়তুশ শরফ মাঠে জানাজা শেষে বইল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি শহরের কলাতলী এলাকার বাসিন্দা।

মরহুমের ছোট ভাই সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত ২২ জুন শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরের দিন তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন। সেখান থেকে তাকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাব থেকে দ্বিতীয় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।