বগুড়া ও যশোর যাচ্ছেন সিইসি

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:৩৭

আসন্ন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) ও যশোর-৬ (কেশবপুর) উপনির্বাচনে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দিক-নির্দেশনা দিবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এজন্য বগুড়া ও যশোর যাবেন সিইসি।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান জানান, ১১ জুলাই ভোটের এলাকায় বৈঠক করবেন সিইসি। হেলিকপ্টারে করে তিনি সেখানে যাবেন।

সোনাতলা ও কেশবপুরে প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে দুটি বৈঠক করে ঐ দিনই আবার ঢাকায় ফিরবেন তিনি। এজন্য সশস্ত্র বাহিনী থেকে হেলিকপ্টার নেওয়া হবে।

আগামী ১৪ জুলাই আসন দুটিতে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

গত ২৯ মার্চ আসন দুটিতে ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ভোটের এক সপ্তাহ পূর্বে ২১ মার্চ নির্বাচন স্থগিত করে ইসি। গত শনিবার জরুরি বৈঠক করে পুনঃভোটের তারিখ নির্ধারণ করা হয়। যদিও বিদ্যমান পরিস্থিতিতে ভোটের তারিখ ঘোষণা ভোটে না থাকার ঘোষণা দিয়েছে বিএনপি।