দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এবং এতে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৩৬০ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস। ফলে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছে আরো ৪১ জন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ২৩৮। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তা দেড় লাখ পেরিয়ে যায় গত ২ জুলাই। সেদিন ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ। আর ১৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ জুলাই তা ২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনে সর্বোচ্চ মৃত্যু। গত বুধবার মারা যায় ৪৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল বৃহস্পতিবার মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। বুধবারও এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩০৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৪ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২২ দশমিক ২৬ শতাংশ।
