সাহেদের দুর্নীতির অনুসন্ধানে মাঠে নামছে দুদক

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:৪৭

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের অনিয়ম এবং দুর্নীতির ব্যাপারে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের সচিব দিলোয়ার বখত এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, হাসপাতালটির (রিজেন্ট) বিভিন্ন অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশিত হচ্ছে। এসব আমরা দেখছি। বর্তমান এ সংক্রান্ত অভিযোগ যাচাই-বাছাই চলছে। কমিশন থেকে খুব শিগিগরই সাহেদ করিমের অনিয়ম এবং দুর্নীতির ব্যাপারে অনুসন্ধান শুরু করা হবে।

দুদক সচিব আরো বলেন, এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। চিকিত্সা দেওয়ার নাম করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে হাসপাতালটির মালিকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের যেসব অভিযোগ আসছে, তার ভিত্তিতে আমরা অচিরেই অনুসন্ধান শুরু করব।

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাস্ক-পিপিই ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দিলোয়ার বখত বলেন, অনুসন্ধানের স্বার্থে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কারো নাম জিজ্ঞাসাবাদে উঠে এলে তাদেরও তলব করা হবে।

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়া এবং করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার নামে সরকারের কাছে বিল দেওয়ার পর আবার রোগীর কাছ থেকেও অর্থ নেওয়াসহ রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।