সিঙ্গেল ডিজিট সুদ ও করোনার প্রভাব

এবার বেতন কমাচ্ছে ওয়ান ব্যাংক

আপডেট : ১০ জুলাই ২০২০, ০০:৪২

এবার বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ওয়ান ব্যাংক লিমিটেড। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের সব কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি মেমো পাঠানো হয়েছে। যেখান বলা হয়েছে মূল বেতন (বেসিক স্যালারি) ৫ থেকে ১০ শতাংশ এবং মোট বেতনের (গ্রোস স্যালারি)  ওপর ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেতন কমে যাবে।

ঐ মেমোতে বলা হয়েছে, ব্যাংকের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) থেকে ঊর্ধ্বতনদের মূল বেতন থেকে ১০ শতাংশ কমে যাবে। আর প্রিন্সিপাল অফিসার থেকে নিচের গ্রেডের অফিসারদের মূল বেতন থেকে ৫ শতাংশ কমানো হবে। একই সঙ্গে প্রিন্সিপাল অফিসার থেকে ওপরের গ্রেডের অফিসারদের মোট বেতন থেকে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। তবে ৫০ হাজার টাকা বা তার নিচে যারা বেতন পান তাদের বেতন কমানো হবে না। আর ৫০ হাজার টাকার ওপরে যারা টাকা পান তাদের বেতন কমানোর পর যদি ৫০ হাজার টাকার নিচে নেমে যায় তারাও ৫০ হাজার টাকা পাবেন।

জুলাই মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঐ অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছে। আগামীতে সুদিন এলে আবার সব ঠিক হবে বলেও কর্মীদের আশ্বস্ত করা হয়েছে। ব্যাংকের স্থায়ী ও চুক্তিভিত্তিক সবার জন্যই এ নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে দ্য সিটি ব্যাংক, এবি ব্যাংক,  এক্সিম ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঐ সব ব্যাংকের পরিচালনা পর্ষদ। তবে বেশির ভাগ ব্যাংক কর্মীদের বেতন না কমিয়ে তাদের অন্যান্য খরচ কমানোর চেষ্টা করছে।

মূলত, ব্যাংক ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসা এবং করোনার কারণে ব্যাংকগুলোর আয় কমে গেছে। চলতি বছরের প্রথম ৬ মাসের হিসাবে দেখা গেছে, সরকারি খাতের ব্যাংক ছাড়া প্রায় সবগুলো ব্যাংকেরই আয় আগের বছরের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমে গেছে।