তিন এলাকা থেকে সেনা সরিয়েছে চীন নজর রাখছে ভারত

আপডেট : ১০ জুলাই ২০২০, ০০:৪৪

সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনার শর্ত মেনে পূর্ব লাদাখের তিনটি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার চীনের সেনাবাহিনী সরে গেছে বলে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএএসি) অন্য কিছু অংশে টানাপোড়েন চলছে এখনো। পিপলস লিবারেশন আর্মি প্রথম দফার সমঝোতার শর্ত মেনে পূর্ব লাদাখের তিনটি এলাকা থেকে সরলেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। খবর আনন্দবাজার পত্রিকার

লাদাখের চুসুল সীমান্ত লাগোয়া মল্ডোতে গত ৩০ জুন কোর কমান্ডার স্তরের বৈঠকে মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানো এবং সেনা সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা হয়েছিল। সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঐ আলোচনার ফলেই ২ জুলাই থেকে সেনা সমাবেশ কমানোর প্রক্রিয়া শুরু হয়। এরপর ৫ জুলাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠকে লাদাখে পর্যায়ক্রমে সেনা সরানো এবং পিছিয়ে যাওয়ার বিষয়ে খুঁটিনাটি স্থির হয়।

গালওয়ান উপত্যকার ১৫ জুনের সংঘর্ষস্থলে প্যাট্রলিং পয়েন্ট-১৪ থেকে পিপলস লিবারেশন আর্মির পিছু হটার প্রমাণ উপগ্রহ চিত্রে মিলেছে এরই মধ্যে। অদূরের প্যাট্রলিং পয়েন্ট-১৫ (হট স্প্রিং) এবং গোগরার প্যাট্রলিং পয়েন্ট-১৭ থেকেও কিছুটা পেছনে সরেছে তারা। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ৩০ জুনের পর ঐ তিনটি এলাকা থেকে পাঁচটি ছাউনি সরিয়েছে চীনা বাহিনী। কিন্তু তাদের বেশ কিছু নির্মাণ ও ছাউনি এখনো রয়েছে। ফলে পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা। তবে আপাতত ঐ তিনটি এলাকায় চীনা সেনার সমাবেশ এলএসির ওপারে রয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।