কংগ্রেস নয়, ট্রাম্পের আর্থিক বিবরণী দেখতে পারবেন প্রসিকিউটর : সুপ্রিম কোর্ট

আপডেট : ১০ জুলাই ২০২০, ০০:৪৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আয়কর, ব্যাংক ও আর্থিক হিসাব গোপন রাখতে পারছেন না। তবে এই বিবরণী কংগ্রেস নয়, নিউ ইয়র্কের প্রসিকিউটর দেখতে পারবেন। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল এই আদেশ দিয়েছে। খবর রয়টার্সের

ঠিক কবে নাগাদ নিউইয়র্কের ডিস্ট্রিক্ট আদালতে ট্রাম্পকে এসব পেশ করতে হবে সে ব্যাপারে কিছু জানায়নি সুপ্রিম কোর্ট। আবার সুপ্রিম কোর্ট এই আদেশ দিলেও নিম্ন আদালতেও মামলা চলবে। ফলে অন্তত আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পূর্ব পর্যন্ত আর্থিক বিবরণী নাও দেখা যেতে পারে। এই প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রার্থী হচ্ছেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের আদেশের পক্ষে ছিলেন সাতজন বিচারক এবং দুইজন বিপক্ষে ছিলেন।

যৌন সম্পর্ক গোপন করতে দুই নারীকে ঘুষ প্রদান করেন ট্রাম্প। আর্থিক দুর্নীতির সেই মামলার তদন্তের অংশ হিসেবে রেকর্ড দেখতে চায় নিউইয়র্কের ডিস্ট্রিক্ট আদালত। অন্যদিকে কংগ্রেস ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ট্রাম্পের আর্থিক বিবরণী চেয়ে যে তলবি প্রস্তাব আনেন তা খারিজ করেছে আদালত। এর আগে মে মাসে ট্রাম্পের আইনজীবিরা তাকে প্রেসিডেন্ট থাকাকালীন বিশেষ সুবিধা দিতে আবেদন করেন। যে সুবিধার আওতায় প্রেসিডেন্ট থাকাকালে কর ও অন্যান্য আর্থিক বিবরণী প্রদর্শন করতে হবে না ট্রাম্পকে। প্রেসিডেন্টের আর্থিক বিষয়াদি দেখভাল করে মাজারস এলএলপি নামের মার্কিন প্রতিষ্ঠান।