বিশ্বে প্রতিদিন ১২ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে খাবার না পেয়ে। যা করোনা ভাইরাসের চেয়ে বেশি মৃত্যু বয়ে আনবে বলে আশংকা প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ করোনার চেয়ে বেশি মানুষ মারা যেতে পারে ক্ষুধায়। খবর বিবিসি ও রয়টার্সের
দাতব্য সংস্থাটি গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, চাকরি হারানো, খাবার উত্পাদন কমে যাওয়া এবং পরিবহনে বাধা নেতিবাচক ভূমিকা নিয়ে আসবে। খাবার না পেয়ে মারা যেতে পারে মানুষ এমন দশটি দেশের নাম ঘোষণা করেছে অক্সফ্যাম। এগুলো হচ্ছে-ইয়েমেন, কঙ্গো, আফগানিস্তান, ভেনিজুয়েলা, পশ্চিম আফ্রিকান সাহেল, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান এবং হাইতি। ‘দ্য হাঙ্গার ভাইরাস’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, এই মহামারিতে বিশ্বের আনুমানিক ১২ কোটি ২০ লাখ মানুষ অতিদরিদ্র হয়ে পড়বে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মহামারিতে মধ্যম আয়ের দেশ ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেও মানুষ না খেয়ে থাকার মত পরিস্থিতিতে চলে যাচ্ছে। বহু মানুষ চাকরি হারানোয় চলতি বছরের প্রথম চার মাসে ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে রেমিট্যান্স ৮০ শতাংশ কমেছে। বেড়েছে খাবারের দাম। সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, ২০০৮ সালের বিশ্বমন্দার চেয়ে এখন অনেক দ্রুত অর্থনৈতিক সংকট বেশি ঘনীভূত হচ্ছে। এ সংকটে ৫০ কোটি মানুষ দারিদ্র্যের মুখে পড়তে পারে। ১৯৯০ সালের পর বিশ্বে প্রথম বেড়ে যেতে পারে দারিদ্র্য।
