দুদকে মিঠুর দাবি

‘দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে কাল্পনিক মিঠু সিন্ডিকেট তৈরি’

আপডেট : ১০ জুলাই ২০২০, ০০:৫০

নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থনৈতিকভাবে লাভবান করা ও মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ‘মিঠু সিন্ডিকেট’ নামে একটি কাল্পনিক জুজু তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন লেক্সিকন মার্চেন্ডাইজ ও টেকনো ট্রেড লিমিটেডের মালিক মোতাজ্জেরুল ইসলাম মিঠু। মিঠু সিন্ডিকেটের নাম প্রচারের মাধ্যমে কোভিডকালীন যারা নিম্নমানের মালামাল সরবরাহ করে বেশি মুনাফা করেছেন, তাদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন। দুদকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার তার হাজির হবার কথা ছিল। তিনি নিজের অসুস্থতা ও আমেরিকায় অবস্থানের বিষয়টি জানিয়ে দুদকে আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন। ঐ চিঠিতে তিনি এমন দাবি করেছেন।

চিঠিতে তিনি লিখেছেন, আমার মালিকানাধীন লেক্সিকন মার্চেন্ডাইজ ও টেকনো ট্রেড লিমিটেড কোভিড-১৯ চিকিত্সায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি কোনো দিনই আমদানি অথবা সরবরাহ করেনি। যদি কেউ দাবি করে থাকে তার বিপরীতে কার্যাদেশ, চুক্তি অথবা অন্যান্য প্রমাণ দাবি করছি। তাই প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি করে দোষীদের শাস্তি দাবি করছি।