আমেরিকা কোনোভাবেই ইরানবিরোধী প্রস্তাব পাস করাতে পারবে না: রাশিয়া

আপডেট : ১০ জুলাই ২০২০, ১৭:২২

আমেরিকা কোনোভাবেই ইরানবিরোধী আইন পাশ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের দেওয়া অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার যে চেষ্টা করে যাচ্ছে আমেরিকা তা কোনো ভাবে সফল হবে না। ওই অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে একটি খসড়া প্রস্তাবের তৈরি করেছে মার্কিন সরকার। কিন্তু নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব পাস হবে না।

জাতিসংঘের রাশিয়ান প্রতিনিধি আরও বলেন, এই প্রস্তাব পাস হলে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা শেষ হয়ে যাবে। আর এটি কোনো ভাবেই মেনে নেবে না ইরান এবং সে অধিকার তেহরানের আছে।

জানা যায়, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়। সে অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে।

আরও পড়ুন: এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা

সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করে ওয়াশিংটন। তবে ইউরোপীয় দেশগুলো এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া প্রস্তাবটির বিরোধিতা করেছে। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই