পাবনায় দ্রুত পিসিআর ল্যাব স্থাপন জরুরি

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:১৭

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

করোনার নমুনা পরীক্ষা ও দ্রুত রিপোর্ট প্রাপ্তিতে জন্য জরুরি ভিত্তিতে পাবনায় পিসিআর ল্যাব স্থাপন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশপাশের জেলাগুলোতে ইতিমধ্যে পিসিআর ল্যাব স্থাপন হলেও পাবনায় এখনো ল্যাব বসেনি। রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প, ঈশ্বরদী ইপিজেড, পাকশী বিভাগীয় রেলওয়েসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আসা লোকদের করোনার নমুনা পরীক্ষা ছাড়া কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে রূপপুর প্রকল্পের কাজ এই মুহূর্তে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতিদিন প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করছেন। প্রকল্প এলাকায় প্রবেশের ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করায় কাজে যোগ দিতে আসা লোকদের করোনা পরীক্ষার সনদ সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু স্থানীয়ভাবে স্টিক ও অ্যাম্পুল-সংকটের সঙ্গে রাজশাহী ও ঢাকা ল্যাব থেকে নমুনা পরীক্ষা করেতে সময় লাগছে ১০-১২ দিন। রিপোর্ট পজিটিভ আসার মধ্যবর্তী সময়ে তাদের দ্বারা আরো অনেকেই সংক্রামিত হচ্ছে। মেডিকেয়ার ক্লিনিক বাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের মাধ্যমে নমুনা পরীক্ষার ব্যবস্থা করে। এই রিপোর্ট সঠিক হলেও তাদের সরকারের কোনো সংস্থার অনুমোদন না থাকায় ঐ ক্লিনিকের মালিক প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছে। এর আগে ঢাকার প্যাথ ল্যাবের মাধ্যমে প্রায় ৮০০ নমুনা পরীক্ষা করা হলেও সরকারি অনুমোদন না থাকায় সিভিল সার্জন অফিস কোনো রিপোর্টই গ্রহণ করেনি। বৃহস্পতিবার সচেতন পাবনাবাসীর ব্যানারে অবিলম্বে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ এর পাবনা জেলার দায়িত্বরত রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা গত ৪ জুলাই ঈশ্বরদীতে এক মতবিনিময় সভায় অচিরেই পাবনায় তিনটি পিসিআর মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দুইটি এবং সরকারিভাবে আরো একটি পিসিআর ল্যাব বসানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ইত্তেফাককে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের অনুদানে দুটি পিসিআর মেশিন বসানোর সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, ল্যাব বসানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার এই বিষয়ে জুমিং কনফারেন্সের মাধ্যমে আরো একটি সভা অনুষ্ঠিত হবে।