কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী বাজারে শুক্রবার বিকালে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। 

জানা যায়, উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী বাজারে আনোয়ারের তুলার গোডাউনে শুক্রবার দুপুরে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই আশ-পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় মালামালসহ ১টি কাপড়ের দোকান, ১টি মুদি দোকান, ১টি তুলার গোডাউনসহ ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, গাছবাড়ী বাজারে আনোয়ারের তুলার গোডাউনে শুক্রবার দুপুরে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে আগুনে বিভিন্ন মালামাল পুড়ে কত টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে এখন পর্যন্ত তা নির্ধারণ করা সম্ভব হয়নি।

পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

উপজেলার বোয়ালী ইউনিয়নের বহেরাতলী জামিউল সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠের দক্ষিণ পাশ থেকে শুক্রবার সকাল ৯টায় পরিত্যক্ত অবস্থায় ৫টি পেট্রোল বোমা ও ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকায় মাদ্রাসা ও এতিমখানার মাঠের দক্ষিণ পাশে বোমা ও ককটেল দেখতে পায় একজন কৃষক। পরে স্থানীয় ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পে খবর দেয় এলাকাবাসী। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সানোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।