সয়েল টেস্টের কাজ চলছে
আসাদ উল্লাহ্, গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উপজেলার কয়েক লাখ মানুষকে গজারিয়া হয়ে ঢাকায় যাতায়াত করতে হয়। মাঝখানে পড়ে মেঘনা। প্রায় দেড় কিলোমিটারের মেঘনার কারণে উপজেলা দুটির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ নেই। তবে সম্প্রতি সেখানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অধীনে মেঘনা নদীর গজারিয়া অংশের কালিপুরা ঘাট থেকে মতলব পর্যন্ত দেড় কিলোমিটার অংশে নির্মিত হবে এই সেতু। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে শুরু হয়েছে মাটি পরীক্ষার কাজ। সব আনুষ্ঠানিকতা শেষে দ্রুততম সময়ের মধ্যেই শুরু হতে পারে সেতুটির নির্মাণকাজ। গত ৮ জুলাই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নদীর বিভিন্ন অংশে মাটি পরীক্ষার কাজ চলছে। মাটি পরীক্ষার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলী জানান, গত মাসের ২০ তারিখ থেকে তারা মাটি পরীক্ষার কাজ শুরু করেছেন। যা আগামী দুই/এক দিনের মধ্যে শেষ হবে।এলজিআরডি গজারিয়া উপজেলা প্রকৌশলী আরজুরুল হক আরজু জানান, দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি)। নদীর বেশির ভাগ অংশ গজারিয়া উপজেলায় এবং বাকি অংশ চাঁদপুরের মতলব উপজেলায় পড়ায় সীমানা নিয়ে কিছুটা জটিলতা আছে। কাজটি কয়েক ধাপে বিভক্ত করে এলজিআরডি, মুন্সিগঞ্জ ও এলজিআরডি, চাঁদপুর বাস্তবায়ন করবে। এ সম্পর্কে এলজিআরডির একজন ঊর্ধ্বতন প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের পর বর্তমানে সয়েল টেস্টের কাজ চলমান। নদীশাসন, সংযোগ সড়কসহ বেশ কিছু কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সয়েল টেস্টের পর নকশা হলে বড় আকারের এই সেতুর সম্ভাব্য ব্যয় সম্পর্কে জানা যাবে। সব বিষয়কে বিবেচনায় নিয়েই সেতু নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
