হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন ১২০ ফুট দীর্ঘ বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। উপজেলার কাচারিকান্দি খালের ওপর এ সেতু নির্মাণ করা হয়। শুক্রবার সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ কমিটির সদস্য মো. যোবায়ের আহমেদ জানান, খালে সেতু না থাকায় চলাচলে দুর্ভোগ হতো। প্রবাসী আলাউদ্দিন, নজরুল ইসলাম স্বপন, মো. জাকির হোসেনসহ কয়েক জন যুবক অর্থসহায়তা দেন। মো. ওমর ফারুকের ডিজাইনে যুবসমাজ গত এক সপ্তাহে সেতুটি নির্মাণ করেন। সেতুটির নাম দেওয়া হয়েছে কাচারিকান্দি সমাজকল্যাণ সেতু।
