উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপায় আওয়ামী লীগ --------------------------দুলু

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৪

নাটোর প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এক যুগ ধরে বিএনপি ক্ষমতাই নেই। এখন কোথাও কোনো উচ্ছিষ্ট ধরা পড়লেই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, এটা হাওয়া ভবনের লোক। দুর্নীতির দায়ে কেউ ধরা পড়লেই এটা তারেক রহমান বা বিএনপির লোক। এসব বলে আওয়ামী লীগ মূলত উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়।

মো. সাহেদ আওয়ামী লীগেরই উচ্ছিষ্ট। সে আওয়ামী লীগের একটি উপকমিটির সদস্য। এর দায়-দায়িত্বও আওয়ামী লীগকেই নিতে হবে।

শুক্রবার এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সাবেক এই উপমন্ত্রী বলেন, কিছুদিন আগে জি কে শামীমকে গ্রেফতার করা হলো। তিনি টেন্ডার জগতের মাফিয়া। আওয়ামী লীগের প্রভাবশালীদের সঙ্গে তার সখ্যে পুরো টেন্ডার তিনিই নিয়ন্ত্রণ করেন। ধরা পড়ার পর বলা হয়েছিল, তিনি বিএনপির অঙ্গ-সংগঠন যুবদলের লোক। অনেক আগে তিনি বিএনপির এক নেতার কর্মী ছিলেন। এসব রাজনৈতিক স্ট্যান্টবাজি জনগণ বিশ্বাস করে না।