হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
চার দিনেও হোমনার নিখোঁজ ব্যবসায়ী মো. আবদুল জব্বারের (৪৫) সন্ধান মেলেনি। গত মঙ্গলবার ব্যবসার কাজে পার্শ্ববর্তী মেঘনা উপজেলায় যাওয়ার কথা বলে দোকান থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। ব্যবসায়ী আবদুল জব্বার উপজেলার নিলখি গ্রামের মো. ছাফত আলীর ছেলে। এ ব্যাপারে ব্যবসায়ীর স্ত্রী লাকি আক্তার গত বুধবার হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী লাকি আক্তার জানান, মঙ্গলবার বিকালে তার স্বামী তাকে ফোনে সন্ধ্যার আগে কাজ শেষ হলে বাড়ি ফিরে আসবেন বলে জানান। এর পরেও বাড়ি ফিরে না আসায় তার মোবাইলে তার স্ত্রী ও স্বজনরা একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায় নাই। তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বার চার মেয়ে ও এক পুত্র সন্তানের জনক।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা করছি।
