সুস্পষ্ট নির্দেশনা চায় ক্লাবগুলো

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এক রাউন্ড পরই স্থগিত হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রায় চার মাস বন্ধ থাকা লিগ নিয়েই এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সম্প্রতি সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) পক্ষ থেকে প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সিসিডিএম বলার ১৫ দিনের মাধ্যেই যেন খেলায় নামতে পারে ক্লাবগুলো।

গতকাল কয়েকটি ক্লাবের সঙ্গে কথা বলে জানা গেছে, লিগ শুরু নিয়ে সুস্পষ্ট নির্দেশনা চায় ক্লাবগুলো। সিসিডিএম চূড়ান্ত সিদ্ধান্ত দিক, তারপরই কার্যক্রম শুরু করবে তারা। এছাড়া কক্সবাজারে খেলা হলে বিসিবির সহযোগিতা চায় ক্লাবগুলো।

প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর দিনক্ষণ ঠিক হয়নি বলে এখনই প্রস্তুতির চিন্তা করছে না ক্লাবগুলো। সিসিডিএম নির্দিষ্ট তারিখ জানালে ক্রিকেটারদের ডেকে এনে প্রস্তুতি শুরু করবে সব ক্লাব।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ সরোয়ার ইমরান বলেছেন, ঈদের আগে দলের সবাইকে নিয়ে মিটিং করবেন। গতকাল তিনি বলেছেন, ‘ঈদের পর লিগ শুরু হতেও পারে। আমরা ঈদের আগেই প্লেয়ারদের নিয়ে মিটিং করব। যেহেতু বাইরে অনুশীলন হচ্ছে না। অন্তত বাসায় ফিটনেসের কাজসহ অন্য যা করা যায় এসব নির্দেশনা দিব। সিসিডিএম চূড়ান্ত সিদ্ধান্ত জানালে আমরা অনুশীলন শুরু করব।’

কক্সবাজারে ম্যাচ খেলতে হলে বিসিবির সহযোগিতা লাগবে জানিয়ে সরোয়ার ইমরান বলেন, ‘বিসিবির সাহায্য অবশ্যই লাগবে। কক্সবাজারে খেলা হলে খরচ অনেক বেড়ে যাবে।’

গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, এখনই চিন্তার কিছু নাই। কারণ লিগ হবে কি না, নিশ্চিত নয়। তাছাড়া লিগের তারিখ এখনো ঠিক হয়নি।

গতকাল সালাউদ্দিন বলেন, ‘এখনো চিন্তা করি নাই। খেলতে হলে খেলব। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসুক, তারপর পদক্ষেপ নেওয়া হবে। সুনির্দিষ্ট নির্দেশনা না পেলে নামব না। যদি নিদের্শনা পাই তখন তো করতেই হবে।’

সিসিডিএমের চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন মোহামেডানের ক্রিকেট কমিটির সাবেক কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক হানিফ ভুঁইয়া। গতকাল তিনি বলেছেন, ‘সিসিডিএম যদি খেলা শুরুর চিন্তা-ভাবনা করে থাকে, তাহলে ক্লাবগুলোকে আগে চিঠি দিয়ে দেয়া উচিত। তাহলে প্রস্তুতি শুরু করতে সুবিধা হবে। খেলাটাকে মাঠে আনতে হবে। ক্রিকেটাররা বসে আছে, তাদের ক্যারিয়ার তথা জীবন আছে। স্বাস্থ্যবিধি মেনে শুরুর চিন্তা করতে হবে। আনুষ্ঠানিকভাবে চিঠি পেলে সবাই সিরিয়াস হবে।’

সিসিডিএমের সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষায় আছে পারটেক্স স্পোর্টিং ক্লাবও। কক্সবাজারে খেলার ক্ষেত্রে বিসিবির সহযোগিতা কামনা করছে ক্লাবটি। পারটেক্সের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গতকাল বলেছেন, ‘এই মহামারি কবে কাটবে, কেউ বলতে পারছে না। পরিস্থিতি আগে ভালো হোক। যদি সিসিডিএম চালাতে পারে ভালো। তেমন কিছু হলে আমরা প্লেয়ারদের সঙ্গে মিটিং করব। তারপর প্রস্তুতি শুরু হবে।’