ইউনাইটেডের অনন্য কীর্তি

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৮

স্পোর্টস ডেস্ক

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টা অনুমিতই ছিল। তবে গত বৃহস্পতিবারের ম্যাচে অবনমন অঞ্চলের দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে টানা চার ম্যাচে কমপক্ষে তিন গোলে জেতার কীর্তি গড়েছে কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে রেড ডেভিলরা এগিয়ে যায় ম্যাচের ২৭ মিনিটে, ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি থেকে। এরপর বিরতির ঠিক আগে তরুণ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড ব্যবধান বাড়ান। ৫৮ মিনিটে গোল করে এক বছর চার মাস দীর্ঘ প্রিমিয়ার লিগ গোলখরা কাটান ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা।

এর ফলে টানা চতুর্থ ম্যাচে ৩-০ কিংবা তার চেয়ে বেশি ব্যবধানে জয় নিশ্চিত করে ইউনাইটেড। প্রিমিয়ার লিগ যুগে এমন কীর্তি নেই আর কোন দলের। প্রিমিয়ার লিগ পূর্ব যুগে একবারই এ কীর্তি গড়ে দেখিয়েছিল লিভারপুল, ১৯৮৭ সালে।

এমন কীর্তিগড়া জয়ের পর অন্যতম নায়ক ম্যাসন গ্রিনউডের ভূয়সী প্রশংসায় মেতেছেন কোচ সোলসার। এদিন গোল করে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে গোলের সংখ্যাটা ১৬-তে নিয়ে গেছেন গ্রিনউড। ‘টিনএজার’ হিসেবে এক মৌসুমে এর চেয়ে বেশি গোলের কীর্তি আছে কেবল জর্জ বেস্ট, ওয়েইন রুনি আর ব্রায়ান কিডের, ১৭টি করে। গ্রিনউডকে নিয়ে সোলসারের মূল্যায়ন, ‘সে কত উচ্চতায় উঠবে সেটা তাকেই ঠিক করতে দিন।’

ইউনাইটেডের জয়ের দিনে বিস্মরণযোগ্য এক রেকর্ড গড়েছে টটেনহ্যামও। বোর্নমাউথ গোলমুখে একটি শটও নিতে পারেননি হ্যারি কেইনরা, চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে এমন ঘটনা ঘটলো প্রথমবারের মতো। এর ফলে গোলশূন্য ড্র-ই বরণ করতে হয়েছে কোচ হোসে মরিনহোর দলকে। এর ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপা লিগে খেলার সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছে তাদের।