অভিযোগ ভিত্তিহীন দাবি পারটেক্সের

আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৯

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে গত ৭ জুলাই মিটিং করেছিল কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। ক্রিকেটারদের মিটিংয়ে অংশ নিয়েছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম। পরে কোয়াবের মিটিংয়ে অংশগ্রহণ ও প্রিমিয়ার লিগ নিয়ে নিজের বক্তব্য সংবাদমাধ্যমে পাঠান তিনি। যেখানে উল্লেখ রয়েছে, এই মৌসুমে পারিশ্রমিক না পাওয়ার কথা জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।

কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। গতকাল তিনি বলেছেন, এক রাউন্ড পরই স্থগিত হওয়া প্রিমিয়ার লিগে পারটেক্সের ক্রিকেটারদের কম-বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে। তাই এমন মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান তিনি।

এই মৌসুমে পারটেক্সের ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে কি না জানতে চাইলে গতকাল সাজ্জাদ হোসেন বলেছেন, ‘কোনো প্লেয়ার কী অভিযোগ দিচ্ছে? এমন কোনো প্লেয়ার নেই যে আমরা টাকা দেইনি। প্রমাণ দিক, আমার কোনো প্লেয়ার গেছে এবং বলছে যে, টাকা পায়নি। সবার নাম্বার আপনাকে দিয়ে দেব, কথা বলে দেখেন। এসব কথা কোথায় পেয়েছে তারা, আমি জানি না। এসব ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। প্লেয়ারদের সঙ্গে আমার কথা হয়েছে, এমন অভিযোগ কেউ করেনি। কম-বেশি সবাই টাকা পেয়েছে।’

এবার প্রিমিয়ার লিগে উন্মুক্ত পদ্ধতিতে ক্রিকেটাররা দলবদল করেছেন। পছন্দের পারিশ্রমিকে ক্লাবের সঙ্গে নিজেরাই চুক্তি করেছেন। তার পরও সিসিডিএম লিগ শুরুর আগেই ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে ক্লাবগুলোকে নির্দেশনা দিয়েছিল।