কিশোরগঞ্জে গরু পালন করে স্বাবলম্বী শতাধিক হতদরিদ্র পরিবার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

মো. শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

জেলায় কিশোরগঞ্জ উপজেলায় গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন শতাধিক দরিদ্র  ও হতদরিদ্র পরিবার। আর এ  দরিদ্র পরিবারগুলোর মাঝে গরু পালনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ড ভিশন বাংলাদেশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম অফিস কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে কিশোরগঞ্জ সদর, বাহাগিলি, পুটিমারী, নিতাই ও চাঁদখানা ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নে ১৬ টি গ্রামে অসহায়, দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝ থেকে ৩০৭০ জন শিশুকে তালিকাভুক্ত করে (আরসি) নিবন্ধন করে।

ওয়ার্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ প্রোগাম অফিস সূত্রে জানা যায়,  ২০১১ সাল থেকে অর্থনৈতিক উন্নয়ন প্রজেক্ট প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ উপজেলায় ২০১৩ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত অসহায়, দরিদ্র  ও হতদরিদ্র পরিবারের মাঝে ৬৫০ টি গরু বিতরণ করে। ২০১৮ সালে আরো ৩৭৫ টি গরু এসব পরিবারের মাঝে বিতরণ  করা হয়। সবমিলিয়ে ৩০৭৫টি দরিদ্র পরিবারের মাঝে এখন পর্যন্ত মোট ১০২৫টি দরিদ্র ও হতদরিদ্র পরিবারকে গরু বিতরণ করা হয়েছে। বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে সরেজমিনে দেখা যায়, এসব দরিদ্র পরিবারের মধ্যে শতাধিক পরিবার গরু পালন করে স্বাবলম্বী হয়ে উঠেছেন।

এ সময় শিশু আরিফা বেগমের মা রেজেকা বেগম বলেন, ২০১৩ সালে উত্তর দুরাকুটি গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে আমাকে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ড ভিশন থেকে একটি বকনা গরুর বাছুর দেওয়া হয়। ওই বাছুরটি থেকে বর্তমানে আমি পাঁচটি গরুর মালিক হয়েছি। বর্তমানে পাঁচটি গরুর মধ্যে দুইটি গাভী। প্রতিদিন গাভী দুইটির তিন কেজি করে দুধ হয়। সেই দুধ বিক্রির টাকায় আমার দুই সন্তান পড়ালেখা করছে। এরকম গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন কেশবা গ্রামের নুরন্নবী মিয়া, দুরাকুটির সালেহা বেগম, চাঁদখানার আম্বিয়া বেগম, পুটিমারীর আকলিমা বেগমসহ শত শত দরিদ্র ও হতদরিদ্র পরিবার।

স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ  এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার পিকিং চাম্বুগং বলেন, আমরা মূলত শিশুদের নিয়ে কাজ করি। ওই সমস্ত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিশুরা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য শিশুটির পরিবারকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, ওয়ার্ড ভিশন বাংলাদেশ লাভলিহুড প্রকল্প কিশোরগঞ্জ উপজেলায় দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করছে। এ প্রকল্পটি আগামীতে গোটা উপজেলায়  সুফল বয়ে আনবে।