বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মজনুর রহমান মজনু নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়োন্দা পুলিশের (ডিবি) একটি দল হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মজনু কুষ্টিয়া জেলার সদর থানার খাজানগর গ্রামের আব্দুল বারেক দুলুর ছেলে। সে সাভারের ভরারী এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে মাদকের ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, মজনুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।