সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল শুক্রবার এক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশে এক/এগারোর সময়ে আইনি লড়াইয়ের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তির জন্য অ্যাডভোকেট সাহারা খাতুন অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান করেছেন। তার মৃত্যুতে জাতি একজন দক্ষ ও সত্ নেতা এবং আওয়ামী লীগ এক পরীক্ষিত ও বিশ্বস্ত যোদ্ধা হারাল। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অপর এক শোক বিবৃতিতে বলেন, তিনি ছিলেন জনদরদী এবং বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী আওয়ামী লীগ নেতা।
