ইতালিফেরত ১৪৭ জন হজ ক্যাম্পে, পাঁচ জনের হদিস নেই

আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:৪৫

ইতালি বিমানবন্দর থেকে ঢাকায় ফেরত পাঠানো কাতার এয়ারওয়েজের ১৫২ বাংলাদেশির মধ্যে ১৪৭ জনকে আশকোনার হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ৯ জুলাই দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। একই ফ্লাইটে আসা অন্য যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও রেখে দেওয়া হয় ইতালিফেরতদের। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪৭ জনকে বিআরটিসির চারটি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তবে বাকি পাঁচ যাত্রীর কোনো হদিস দিতে পারেনি কর্তৃপক্ষ। ফেরত আসা যাত্রীদের অভিযোগ, কাতার এয়ারওয়েজের মিথ্যা আশ্বাসে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, বিমান কোম্পানিটির মিথ্যা আশ্বাসের কারণেই ইতালি গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। মিথ্যা তথ্য ও ভুয়া টেস্ট সার্টিফিকেটের কারণে ইতালি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশিদের। এদিকে, দেশে ফেরার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করোনার লক্ষণ পাওয়া যায়নি কারো দেহে। তার পরও বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।