শেরপুর (বগুড়া) সংবাদদাতা
শেরপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. শিবলু আকন্দ নামে বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর চরপাড়া গ্রামের মো. সারোয়ার উদ্দিন আকন্দের ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলাম তার বাড়িতে মুদি দোকান খুলে ব্যবসা করেন। গত মঙ্গলবার দোকানি রফিকুল ইসলাম তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এদিকে অনুমানিক রাত ১২টার দিকে শিবলু সিগারেট কেনার কথা বলে দোকানে গিয়ে ডাকাডাকি করতে থাকেন। এক পর্যায়ে দোকানি রফিকুল ইসলামের স্ত্রী দরজা খোলার পর ধর্ষক শিবলু তাকে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এসময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে শিবলু আকন্দ পালিয়ে যায় বলে তারা জানান। শেরপুর থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
