নৌ-নীতিমালা অনুযায়ী সব জাহাজ পরিচালনা করার দাবি ডব্লিউটিসির

আপডেট : ১১ জুলাই ২০২০, ০০:২৩

নৌ-নীতিমালা অনুযায়ী সব জাহাজ পরিচালনা করার ছয় দফা দাবি জানিয়েছে ওয়ার্টার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। গতকাল সংস্থাটির বিজয়নগরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডব্লিউটিসির আহ্বায়ক নূরুল হক এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডব্লিউটিসির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জি এম সারোয়ার।

লিখিত বক্তব্যে বলা হয়, করোনাকালে চট্টগ্রাম বন্দর ও বহিঃনোঙরে মাদার ভেসেল থেকে পণ্য পরিবহনে সিরিয়ালবিহীন জাহাজ চলার কারণে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। কোনো কোনো জাহাজ মাসে পাঁচ-ছয়টি ট্রিপ পায় আর কেউ কেউ দুই মাসেও ট্রিপ পায় না। সরকার ২০১৩ সালের ৮ জুলাই পণ্যবাহী জাহাজ চলাচলের নীতিমালা গেজেট প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী জাহাজের মালিক-শ্রমিকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না। অনেকে জাহাজ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় জাহাজ মালিক ও শ্রমিকদের বাঁচাতে তারা ছয় দফা দাবি তুলে ধরেন।