বাংলাদেশের ফ্লাইট বন্ধের যৌক্তিকতা নিয়ে মুখ খুললেন ইতালির প্রধানমন্ত্রী

আপডেট : ১১ জুলাই ২০২০, ০০:২৩

বাংলাদেশের সঙ্গে ইতালির ফ্লাইট বন্ধের যৌক্তিকতা নিয়ে মুখ খুলেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে রাষ্ট্রীয় সফরকালে স্থানীয় একটি টেলিভিশনের সাংবাদিকদের কাছে ফ্লাইট বন্ধ নিয়ে কন্তে বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ যাত্রীর মধ্যে করোনা শনাক্ত হচ্ছে। তাদের অনেকেই ইতালি ফিরে হোম কোয়ারেন্টাইন মানছেন না। এতে তাদের মাধ্যমে আরো মানুষ সংক্রমিত হচ্ছে। আমরা এক জরিপে দেখেছি, বাংলাদেশ থেকে আসা প্রায় ৭০ শতাংশ মানুষ করোনা ভাইরাস নিয়ে আসছে। এরা কীভাবে বাংলাদেশের বহির্গমন পার হলো সেটা অবশ্যই ভাববার বিষয়। আমরা স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশের ইমিগ্রেশনে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় না।

ঢাকায় প্রাপ্ত খবরে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী কন্তে বলেন, বাংলাদেশিরা কোনো ধরনের পর্যবেক্ষণ ছাড়াই ইমিগ্রেশন পার হয়ে ইতালি এসে ভাইরাসের সংক্রমণ ঘটাচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে ফ্লাইট বন্ধ করেছি। একেকজন বাংলাদেশি একেকটা ভাইরাস বোমা। আমরা আমাদের দেশকে বোমা থেকে দূরে রাখতে আপাতত ফ্লাইট স্থগিত করেছি।

এছাড়াও বৃহস্পতিবার দেশটির স্বনামধন্য পত্রিকা ‘কোররীয়েরা দেল্লা সেরা’ এক খবরে বলেছে, ইতালির সরকার আপাতত বাংলাদেশসহ ১৩টি দেশের সঙ্গে চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব দেশে যদি কেউ বিগত ১৪ দিনের মধ্যে ট্রানজিট বা অবস্থান করে তারাও আপাতত ইতালিতে প্রবেশ করতে পারবে না। এমনকি কোনো ইতালিয়ান নাগরিকও যদি এসব দেশে গত ১৪ দিনের মধ্যে ভ্রমণ করে থাকে তারাও আপাতত ইতালিতে প্রবেশ করতে পারবে না।